প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অর্জন দেবনাথ নামের এক যুবক। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে রোহান আহমেদ।
তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সীরকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা হারাধন দেবনাথ ও মাতা সাধনা দেবনাথ।
জানা যায়, ধর্মান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি নারায়ণগঞ্জ জেলা নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট করেন। পরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
রোহান আহমেদ জানান, ইসলামের আদর্শ, ন্যায়-নীতি ও জীবনব্যবস্থা তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। নিজের বিশ্বাস ও উপলব্ধি থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। বিভিন্ন ইসলামিক বই পড়া এবং মুসলিমদের সাথে চলাফেরার মাধ্যমে তিনি ধীরে ধীরে ইসলামের প্রতি অনুপ্রাণিত হন। একপর্যায়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হলেও অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মতলব সংবাদ